বেনাপোলে বিএনপির মনোনীত প্রার্থী নুরুজ্জামান লিটনের ধানের শীষের প্রচার মিছিল

ফোরকান জামান,শার্শা(যশোর)প্রতিনিধি:
বেনাপোলে বিএনপির মনোনীত প্রার্থী নুরুজ্জামান লিটনের ধানের শীষের প্রচার মিছিল ছবি: খবরপত্র
বেনাপোলে বিএনপির মনোনীত প্রার্থী নুরুজ্জামান লিটনের ধানের শীষের প্রচার মিছিল ছবি: খবরপত্র

যশোরের শার্শা উপজেলার বেনাপোলে দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একসঙ্গে নেচে-গেয়ে উৎসবমুখর পরিবেশে ধানের শীষ প্রতীকের পক্ষে প্রচার মিছিল করেছেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি ২০২৬) বিকাল সাড়ে ৩টায় যশোর–৮৫/১ (শার্শা) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান লিটনের নেতৃত্বে এ প্রচার মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বেনাপোল স্থলবন্দর এলাকা থেকে শুরু হয়ে আন্তর্জাতিক চেকপোস্টসহ পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলে অংশ নেওয়া হাজার হাজার নেতাকর্মী বিভিন্ন স্লোগানের মাধ্যমে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন এবং গণতন্ত্র ও উন্নয়নের বার্তা সাধারণ মানুষের মাঝে পৌঁছে দেন।

প্রচার মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান লিটন বলেন,“বেনাপোলে দীর্ঘ ১৭ বছর পর আজ আমরা ধানের শীষের প্রতীকের পক্ষে প্রচার মিছিল করতে পেরেছি—এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের। বিগত আওয়ামী লীগ সরকার যা করেছে, আমরা তা করব না। আমাদের নেতা তারেক রহমান হিংসা ও হানাহানির রাজনীতিতে বিশ্বাস করেন না। তিনি চান দেশের মানুষ শান্তিতে বসবাস করুক।”

তিনি আরও বলেন,“আমরা শার্শা উপজেলায় শান্তি চাই। সুন্দর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে হলে সবাইকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মানুষের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষে ভোট চাওয়ার আহ্বান জানাই।”

এসময় শার্শা উপজেলা বিএনপি ও এর সহযোগী সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ প্রচার মিছিলে অংশগ্রহণ করেন।

বিষয়:

বিএনপি
এলাকার খবর

সম্পর্কিত